স্টাফ রিপোর্টার:: বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে জেলা সদরের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্র সংলগ্ন ওই ঝর্ণা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে ঘুরতে যায়। পরে তারা পাশের একটি ঝর্ণায় একসঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা ঝর্ণা থেকে উঠে এলেও মিসকাত আর ফিরে আসেনি।

পরে বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও বুধবার তাকে খুঁজে পাওয়া যায়নি।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে নিখোঁজের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও শিক্ষার্থীর সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার সকালে ঝর্ণায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করে পুলিশকে খবর দেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিবেদক 




















