স্টাফ রিপোর্টার:: সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ এবং হামলার ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে পাল্টাপাল্টি দুটি কর্মসূচি পালিত হয়েছে। একদিকে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ীরা, অন্যদিকে সাজেকবাসীর ওপর হামলার অভিযোগ এনে তার প্রতিবাদে অবরোধের সমর্থনে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মসূচি পালন করেছে।

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিল করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক, চালক ও স্থানীয়রা।
সাজেক কাউন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তারা বলেন, সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটন নির্ভর ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। রিসোর্ট, রেস্টুরেন্ট, চাঁদের গাড়ি, সিএনজি, ট্যুর গাইডসহ বহু পরিবার এখন বেকার। দীর্ঘদিন বন্ধ থাকলে তারা পথে বসবে।
তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

অন্যদিকে সাজেকে শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ এনে তার প্রতিবাদে তার সমর্থনে ডাকা অর্ধ দিবস অবরোধের সমর্থনে প্রচার মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।
একই দিন সন্ধ্যায় খাগড়াছড়ি ফায়ার সার্ভিস এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখান থেকে আগামীকালের অবরোধ সফল করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ব্যানারে আগামীকাল শনিবার (২৪ অক্টোবর ) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
প্রতিবেদক 





















