স্টাফ রিপোর্টার:: বান্দরবানের থানচি উপজেলার তিন্দু মুখ এলাকায় পর্যটকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলের এই দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু মুখ এলাকায় পর্যটকবাহী একটি জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।
নিহতরা হলেন মো. জসিম ও মো. জিয়াবুল। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের বাড়ি কক্সবাজারের খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। দুর্ঘটনায় আহত পাঁচজন হলেন মো. রাশেল, মো. লিটন শিকদার, কাদের হোসেন, শাহজালাল এবং গাড়ির চালক লিটন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, পর্যটকদের দলটি সোমবার সকালে কক্সবাজারের খুটাখালী থেকে রওনা হয়ে আলীকদম হয়ে থানচির তিন্দু মুখ এলাকায় পৌঁছান। তাদের পরিকল্পনা ছিল তিন্দু মুখ থেকে বাঘের মুখ পর্যন্ত ভ্রমণের। তবে তিন্দু সরকারি মাধ্যমিক স্কুলের পাশে পৌঁছালে জীপটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং বাকিরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দু মুখ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করেন এবং তাদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের উদ্ধার ও ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ওসি জানান, তিনি নিজেও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন এবং বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।
স্টাফ রিপোর্টার 


















