সদস্যকে হত্যা: ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ /
সদস্যকে হত্যা: ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি:: খাগড়াছড়ির দীঘিনালায় সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার (৯ মে ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে হেগেরা চাকমা হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার শাস্তি দাবি জানান।

বিবৃতিতে তিনি, দীঘিনালার কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোড়াব্রীজ এলাকার শুকনোছড়া গ্রামে উক্ত হত্যার ঘটনাটি ঘটেছে জানিয়ে বলেন, “ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯)-সহ দুই জন শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে রাত যাপন করেন।

সেখান থেকে আজ ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নিহত ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা (তরুণ) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেতকাবা গ্রামের রঙ্গমনি চাকমার ছেলে বলে তিনি জানান।স্থানীয়দের বরাত দিয়ে তিনি উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জন সন্ত্রাসী অংশ নেন বলে দাবি করেন।

বিবৃতিতে অংগ্য মারমা উক্ত হত্যাকাণ্ডের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন,পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে সন্ত্রাসীদের দিয়ে খুনের মহোৎসব করছে। এর আগে গত ৮ এপ্রিল খাগড়াছড়ির আকবাড়ি এলাকায় এই সন্ত্রাসীরা নিউটন চাকমা নামে আরেক ইউপিডিএফ সদস্যকে হত্যা করেছিল।”