স্টাফ রিপোর্টার:: দারিদ্র্যকে জয় করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখা সুপ্রকাশের পাশে দাঁড়াল খাগড়াছড়ি সদর জোন; প্রাথমিকভাবে প্রদান করা হলো ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কারিগর পাড়ার মেধাবী শিক্ষার্থী সুপ্রকাশ ত্রিপুরার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ খাগড়াছড়ি সদর জোন তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণসহ পড়াশোনার প্রয়োজনীয় ব্যয়ভার বহনের উদ্যোগ গ্রহণ করেছে।
সুপ্রকাশ ত্রিপুরা, পিতা হিরেন্দ্রলাল ত্রিপুরা, একজন অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় তরুণ। পানছড়ি মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সে তার মেধার স্বাক্ষর রেখেছে। বর্তমানে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে।
তবে সুপ্রকাশের এই স্বপ্নের পথ মোটেও মসৃণ নয়। তার বাবা হিরেন্দ্রলাল ত্রিপুরা একজন দিনমজুর। দৈনিক মাত্র ৪০০ টাকা মজুরিতে কাজ করে কোনোমতে সংসারের ব্যয় নির্বাহ করেন তিনি। সীমিত আয়ের এই পরিবারে সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা ছিল অত্যন্ত কঠিন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহ নিয়ে পরিবারটি দুশ্চিন্তায় ছিল।
এমন পরিস্থিতিতে মেধাবী এই তরুণের সংগ্রাম ও পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি খাগড়াছড়ি সদর জোনের নজরে এলে জোনের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে সুপ্রকাশের পিতা হিরেন্দ্রলাল ত্রিপুরার হাতে নগদ ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সুপ্রকাশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং পড়াশোনা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যয়ভার বহনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর জোনের এ সহযোগিতা সুপ্রকাশের কাছে শুধু আর্থিক সহায়তা নয়, বরং তার দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাঁচিয়ে রাখার এক নতুন আশার আলো। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ থমকে না যায়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, আর্থসামাজিক অগ্রগতি এবং স্থানীয় জনগণের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে দুর্গম পার্বত্য অঞ্চলের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আগ্রহ, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগাবে।
সুপ্রকাশ ত্রিপুরার মতো মেধাবী তরুণদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক সহযোগিতা পার্বত্য অঞ্চলে শিক্ষা বিস্তার ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়। মেধার বিকাশে সহযোগিতা, স্বপ্ন পূরণে অনুপ্রেরণা—মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী।
স্টাফ রিপোর্টার 

















