চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রামগড়ে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • প্রতিবেদক
  • আপডেট : ১২:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৭ বার
২২

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির রামগড় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনীরকুল এলাকায় ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গরুর জন্য নদীর পাড়ে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার পর আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে তাঁর মরদেহ পাওয়া যায়।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেনীরকুল এলাকার বরই বাগান নামক সীমান্তসংলগ্ন ফেনী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে মরদেহটি দেখতে পান।

নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মৃত মং মং মারমার ছেলে। তিনি ১৯৮৬ সালে স্বেচ্ছায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) থেকে অব্যাহতি নেওয়া একজন ভারত প্রত্যাগত শরণার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাংলাদেশের ফেনীরকুল ও ভারতের ডোলবাড়ি সীমান্তের ২২১৪/১৮ এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন ফেনী নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান অংথৈইপ্রু মারমা। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে আবারও খোঁজাখুঁজি শুরু করলে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তাঁর ডুবন্ত মরদেহ পাওয়া যায়।

নিহতের ছেলে থংগো মারমা জানান, গতরাত থেকে বাবাকে খুঁজে না পেয়ে রাতে ও সকালে স্থানীয় এবং বিজিবির সহযোগিতায় অনেকক্ষণ খুঁজে সকালে ভারতের ঢোলবাড়ি অংশে রক্তাক্ত মরদেহটি ডুবন্ত অবস্থায় নদীতে পাই। উনার মাথায় গুরুত্বর জখমের চিহ্ন রয়েছে। তিনি বলেন, বিএসএফ বাবাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি দুর্ঘটনাবশত কংক্রিটের ব্লকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে কীভাবে তাঁর বাবার মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানান তিনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, খবর পেয়ে সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে। নিহতের ছেলে মামলা করবেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun