মো. এনামুল হক,স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকালে দিনব্যাপী গুইমারা বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান পিএসসি।
এতে ঢাকা থেকে আসা চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. রায়হান, আরএমও ক্যাপ্টেন ডা. রাফিউল, গাইনি বিশেষজ্ঞ ডা. কামরুন নাহার ডলি এবং সার্জারি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার স্থানীয় ৭ শতাধিক পাহাড়ি-বাঙালি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন।

পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এর আগে আয়োজকদের পক্ষ থেকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকার সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ে ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, চক্ষু রোগীদের অপারেশনের প্রয়োজন হলে বিনা খরচে ঢাকায় অপারেশনের ব্যবস্থা করা হবে। সেনাবাহিনীর এমন জনহিতকর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মাটিরাঙ্গা সদর থেকে চিকিৎসা নিতে আসা মিলন ত্রিপুরা বলেন, বাইল্যাছড়ির মতো দুর্গম জায়গায় মানুষ চিকিৎসাসেবা পেত না। পাহাড়ে সেনাবাহিনীর কল্যাণে চিকিৎসাসেবা পাচ্ছে। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট জোনের প্রতি অনুরোধ জানান তিনি।
জোন অধিনায়ক বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনী। আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক আলতাফ মাহমুদ রুবেল, জোনাল স্টাফ অফিসার সামিউল হকসহ পদস্থ সামরিক কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক 


















