প্রতিনিধি রামগড়:: খাগড়াছড়ির রামগড় উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ উল্লাহ বাদশা (২৪) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকালে নিজ বাড়িতে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত যুবক উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের পাতাছড়া গ্রামের আবদুর রহিম এর ছেলে।
এলাকাবাসী ও পরিবার জানান, নিহত মোহাম্মদ উল্যাহ বাদশা মানসিক ভারসাম্যহীন ছিলো। নিজ বাড়ির দ্বিতীয় তলায় সকাল সাড়ে ৮ টার দিকে পরিবাবের সবার অগোচরে সিলিং ফ্যানের আংটার সাথে লাইনার রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
একপর্যায়ে স্বজনরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯ টার দিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পিতা আবদুর রহিম জানান, তার ছেলে গত দুই বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন। ছেলেকে চট্টগ্রাম মেডিকেল, কুমিল্লার লাঙ্গলকোট চিকিৎসা করিয়েছেন। গতকাল রাতে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি নিয়ে যান আজ চট্টগ্রাম চিকিৎসার জন্য নেয়ার কথা ছিলো।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
মো.মাসুদ রানা 





















