চট্টগ্রাম শনিবার, ১০ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে শুভ মহালয়া উপলক্ষে জীবিত মায়ের পূজা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৭ বার
৮

প্রতিনিধি খাগড়াছড়ি:: শুভ মহালয়া উপলক্ষে খাগড়াছড়ি সনাতন ছাত্র- যুব পরিষদের উদ্যোগে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জীবিত মায়ের পূজা। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সন্তানের দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন অর্ধশতাধিক মা ও সন্তান।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভক্তি বাড়বে এবং তারা অন্যায় ও অপকর্ম থেকে দূরে থাকতে অনুপ্রাণিত হবে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে সনাতন ছাত্র – যুব পরিষদের উদ্যোগে চণ্ডীপাঠ ও দেবী দুর্গার আহ্বানমন্ত্রের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার ধর্মীয় আনুষ্ঠানিকতা।

এ সময় দেবীর চরণে ১০৮টি পদ্মফুল অর্পণ করে পূজা-অর্চনা করেন ভক্তরা। নিজেদের ও পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন তারা। মহালয়ার আনুষ্ঠানিকতার পাশাপাশি এবার মন্দিরের বিশেষ আকর্ষণ ছিল জীবিত মায়ের পূজা। মাকে শ্রদ্ধা জানানো এবং তার প্রতি সন্তানের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

এতে গর্ভধারিণী মায়ের পূজায় অর্ধশতাধিক মা ও সন্তান অংশ নেন। সন্তানরা মায়ের আশীর্বাদ নেন, আর মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় আশীর্বাদ করেন। জীবিত মায়ের পূজায় অংশ নেওয়া সন্তান তীর্থ রাজ ভট্টাচার্য্য বলেন, মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ আমাদেরকে মায়ের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে শেখাবে এবং ভালো পথে চলতে উৎসাহিত করবে।

আরেক সন্তান পুষ্পিতা দাশ বলেন, মায়ের প্রতি ভালোবাসা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। প্রতিটি সন্তানের উচিত, জীবিত অবস্থায় মাকে সম্মান করা, তার যত্ন নেওয়া এবং তার আশীর্বাদ নিয়ে চলা। পূজায় অংশ নেওয়া মা নমিতা দে বলেন, সন্তানদের নিয়ে এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে। সন্তানদের মঙ্গল কামনা করে আশীর্বাদ করেছি। এ ধরনের আয়োজনের মাধ্যমে মা ও সন্তানের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করি।

আরেক মা শেলী রাণী বলেন, সন্তানদের জীবনে মায়ের অবদান অপরিসীম। সন্তানরা যেন সব সময় মাকে সম্মান করে, ভালোবাসে এবং সৎ পথে চলে, এটাই আমাদের প্রত্যাশা। এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। আশা রাখব, প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

মহালয়া পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিজয় দেব বলেন, পিতৃপক্ষ শেষ হয়ে আজ শুভ মহালয়ার মধ্য দিয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে। তাই আমাদের এই ধরনের ব্যতিক্রমী আয়োজন। আমরা মনে করি, মায়ের মধ্যেই রয়েছে সব দেবতার অধিষ্ঠান। সন্তানরা যদি জীবিত মাকে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে ভালোবাসে, তাহলে তাদের মধ্যে মাতৃভক্তি বাড়বে।

একই সঙ্গে তারা অন্যায় ও পাপকাজ থেকেও দূরে থাকবে। এতে মা ও সন্তানের মধ্যে ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে আর কোনো মাকে সন্তানরা বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আয়োজকরা জানান, মহালয়া উপলক্ষে এই বিশেষ দিনে খাগড়াছড়ি সনাতন ছাত্র – যুব পরিষদের উদ্দ্যাগে বিকেলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার শাহাদ, মাতৃ সম্মেলন উদ্ধোধন করবেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়ায় মারমা, সভাপতিত্ব করবেন সনাতন ছাত্র- যুব পরিষদ ( কেন্দ্রীয় কমিটি) সভাপতি শেখর সেন। এবং সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী চলবে মহালয়ার বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা।

জীবিত মায়ের প্রতি সন্তানদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। জীবিত মাকে সম্মান ও ভালোবাসার মধ্য দিয়ে সন্তানদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও মাতৃভক্তি জাগ্রত হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun