
প্রেস বিজ্ঞপ্তি:: “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম” খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১১টায় খাগড়াছড়ি ইসলামী ব্যাংকের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের চলমান অব্যবস্থাপনা, এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক লুটের অভিযোগ এবং লুটকৃত অর্থ ফেরত আনার দাবি জানান। একই সঙ্গে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফোরামের আহ্বায়ক মাহবুবুল হক সেলিম, সদস্য সচিব আমিনুল ইসলাম, সদস্য ডা. ইউসুফ এবং সদস্য আরাফাত হোসেনসহ স্থানীয় গ্রাহক ও সচেতন নাগরিকরা।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। কিন্তু একটি চক্রের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে ব্যাংকটি আজ সংকটের মুখে পড়েছে। তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাংকের বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে, যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের মাধ্যমে লুট হওয়া অর্থ দ্রুত ফেরত আনতে হবে।

এ সময় বক্তারা আরও বলেন, ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল ও দক্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া কোনো সমাধান নয়। এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম,খাগড়াছড়ির সদস্য সচিব আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আপনার মতামত লিখুন :