শপথ গ্রহণে খাগড়াছড়িতে সেনাবাহিনীর নবীন সদস্যদের কুচকাওয়াজ
স্টাফ রিপাের্টার:: সেনানিবাসস্থ ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ রিক্রুট ব্যাচ ২০২৩ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির দিঘীনালায়। এতে সেনাবাহিনীর নবীন ৮৭১ সদস্যের শপথ গ্রহণ উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়।

বুধবার (১৮ অক্টোবর ২০২৩) সকালে সেনাবাহিনীর দিঘীনালা এফএআরটিসি প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়াা কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে যুক্ত হয়েছে নবীন এ সৈনিকরা । দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে জল, স্থল এবং আকাশ এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।

এতে সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতা অক্ষুণ্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। তিনি দেশ মাতৃকার যেকোন সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপূণ্য প্রদর্শন করার জন্য ৬ নবীন সেনাসদস্যদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন। এতে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী, খাগড়াছড়ি ডিজিএফআই এর ডেট কমান্ডার কর্নেল আসম বদিউল আলম, ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রামের স্টাফ অফিসার কর্নেল মো. এনামুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এতে অংশ নেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন