স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব (আরসিওয়াই) স্বেচ্ছাসেবকদের জন্য ৩দিনব্যাপী বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে দীঘিনালা কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) খাগড়াছড়ি ইউনিটের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করেছে রেড ক্রিসেন্ট যুব, দীঘিনালা উপজেলা টিম। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণে রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক নীতি ও কার্যক্রমের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন কৌশল সম্পর্কে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ করে দুর্ঘটনা, দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি জেলা ইউনিটের উপ-যুব প্রধান আব্দুল আল নোমান, বিভাগীয় প্রধান মো. জাহিদুল আলম এবং যুব সদস্য নিধি চাকমা।
এ ছাড়া প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করছেন সার্বিকভাবে দীঘিনালা ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বয় করছেন যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ব্রাঞ্চের দীঘিনালা ইউনিটের দলনেতা দূর্জয় বড়ুয়া (শান্ত)।
মো: সোহেল রানা 



















