চট্টগ্রাম বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জ্বালানি সরবরাহে ব্যর্থতার পরও সুবিধা পাচ্ছে কারা

৮

বিশেষ প্রতিনিধি::  নভেম্বরে দেশে আসার কথা থাকা জি-টু-জি ভিত্তিক জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান অপারগতা প্রকাশ করেছে। একই সময়ে এসব প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবসায়িক প্রতিনিধিত্ব, জ্বালানি আমদানিতে বিকল্প ব্যবস্থা এবং পরবর্তী সময়ে বেশি প্রিমিয়ামে নতুন করে কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টদের কেউ কেউ আশঙ্কা করছেন, সরবরাহ ঘাটতির সুযোগ নিয়ে একটি বিশেষ গোষ্ঠী বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিষয়টির সঙ্গে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী ডা. এজাজুর রহমানের ব্যবসায়িক সংশ্লিষ্টতার অভিযোগও সামনে এসেছে।

খাতসংশ্লিষ্টদের মতে, নভেম্বরের চালানগুলো নির্ধারিত সময়ে না এলে ডিসেম্বরের জ্বালানি চাহিদা পূরণে চাপ তৈরি হতে পারে। তাই সরবরাহে অপারগতা প্রকাশের কারণ, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে স্থানীয় এজেন্টদের সম্পর্ক এবং বিকল্পভাবে যেসব চুক্তি করা হচ্ছে—সবকিছুই তদন্তের আওতায় আনা প্রয়োজন।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, কোনো সরবরাহকারী চুক্তির শর্ত অনুযায়ী জ্বালানি দিতে ব্যর্থ হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা উচিত। প্রয়োজনে চুক্তি বাতিল ও কালো তালিকাভুক্তির ব্যবস্থাও বিবেচনায় নেওয়া দরকার।

সরবরাহ ঘাটতির বিষয়টি সামনে আসার পাশাপাশি বেশি প্রিমিয়ামে ডিজেল ও জেট ফুয়েল আমদানির জন্য নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ডিজেলের প্রিমিয়াম যেখানে প্রতি ব্যারেলে ৯ দশমিক ৫০ ডলার এবং জেট ফুয়েলে ১০ দশমিক ১৫ ডলার ছিল, সেখানে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভিটল এশিয়ার জন্য নির্ধারিত হয়েছে যথাক্রমে ১৬ দশমিক ৬৮ ও ১৭ দশমিক ৮৮ ডলার।

প্যাকেজ-০২-এর আওতায় ২ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৪০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পেয়েছে ভিটল এশিয়া পিটিই লিমিটেড। সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, শুধু এই প্যাকেজেই দীর্ঘমেয়াদি চুক্তির তুলনায় অতিরিক্ত ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার ব্যয় হওয়ার কথা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮২ কোটি টাকা।

জ্বালানি তেল আমদানির প্রক্রিয়ায় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিপিসি গত সেপ্টেম্বরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ৫ হাজার টন ডিজেল ও ৯০ হাজার টন জেট ফুয়েল আমদানির প্রস্তাব চূড়ান্ত করেছিল। ওই প্রস্তাবে ডিজেলের প্রিমিয়াম প্রতি ব্যারেলে ১৪ দশমিক ৮৫ ডলার এবং জেট ফুয়েলের ১৬ দশমিক ৪৯ ডলার ধরা হয়। তবে প্রিমিয়াম বেশি হওয়ায় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়নি।

এর পরও এর চেয়ে বেশি প্রিমিয়ামে গোপন প্রক্রিয়ায় দেওয়া উন্মুক্ত দরপত্রে ভিটল এশিয়াকে কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, কম দরে সরবরাহের সুযোগ থাকা সত্ত্বেও কেন বেশি প্রিমিয়ামে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হলো।

জ্বালানি আমদানির সঙ্গে দীর্ঘদিন ধরে ডা. এজাজুর রহমানের ব্যবসায়িক সংশ্লিষ্টতার বিষয়টি বিভিন্ন মহলে আলোচিত। অভিযোগ রয়েছে, বিপিসির তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ছয়টির স্থানীয় এজেন্ট তার মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেড।

নভেম্বরে সরবরাহে অপারগতা প্রকাশ করা কয়েকটি চালানের স্থানীয় ব্যবসায়িক সংযোগের ক্ষেত্রেও তার প্রতিষ্ঠানগুলোর নাম এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ কারণে সরবরাহে ব্যর্থতা এবং পরবর্তী সময়ে বিকল্প পদ্ধতিতে বেশি দরে জ্বালানি কেনার সিদ্ধান্তের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

বিপিসি সূত্র জানায়, নভেম্বরে জি-টু-জি ক্রয় সূচিতে থাকা ১১টি চালান সরবরাহে অপারগতা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ইউনিপেক সিঙ্গাপুরের ১৯, ২১, ২২ ও ২৪ নভেম্বরের তিনটি ডিজেল ও একটি জেট ফুয়েল চালান, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকুর ২৮ নভেম্বরের ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনালের ১০ নভেম্বরের ডিজেল এবং ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের ২৩ নভেম্বরের মোগাস চালান রয়েছে।

নির্ধারিত এসব চালান নভেম্বরে দেশে পৌঁছানোর কথা ছিল। সেগুলো দিয়ে ডিসেম্বরের চাহিদার একটি অংশ পূরণ করার পরিকল্পনা ছিল।

সংশ্লিষ্টদের সবচেয়ে বড় প্রশ্ন, জি-টু-জি চুক্তির আওতায় প্রতিশ্রুত জ্বালানি সরবরাহ না করা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়ার সময় কেন বেশি প্রিমিয়ামে চুক্তি করা হচ্ছে।

তাদের অভিযোগ, বিপিসির পরিচালক (অপারেশন) এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার ভূমিকা বিষয়টিতে খতিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, ডিপিএমের আগ্রহী তালিকা থেকে কম দরে সরবরাহকারী নির্বাচন করার সুযোগ থাকলেও তা না করে বেশি প্রিমিয়ামে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয়েছে।

এতে রাষ্ট্রের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি কোনো ধরনের আর্থিক সমঝোতা বা অর্থ বিদেশে পাচারের সুযোগ তৈরি হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি উঠেছে।

বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জি-টু-জি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪৩ লাখ টনের কার্যাদেশ গেছে এমন প্রতিষ্ঠানের কাছে, যাদের স্থানীয় প্রতিনিধি বা ব্যবসায়িক যোগাযোগ রয়েছে ডা. এজাজুর রহমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে।

সংশ্লিষ্টদের অভিযোগ, দরপত্রে এমন কিছু শর্ত রাখা হচ্ছে, যা নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে সুবিধা দিচ্ছে। এতে নতুন সরবরাহকারীদের বাজারে প্রবেশের সুযোগ সীমিত হয়ে পড়ছে এবং জ্বালানি আমদানিতে একটি ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব বাড়ছে।

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ডা. এজাজুর রহমান-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রায় ৭৮ শতাংশ কার্যাদেশ পেয়েছে বলে দাবি করা হয়েছে।

গত জুন-আগস্ট মেয়াদের দরপত্রের নথিতেও একই ধরনের চিত্র পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ওই সময়ে তিন মাসের জন্য চারটি প্যাকেজে ৯ লাখ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়।

পিজি-১ প্যাকেজে ৩ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ ৯০ হাজার টন ডিজেল এবং ৭০ হাজার থেকে ৯০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায় ইউনিপেক সিঙ্গাপুর।

পিজি-২-এ ৩ লাখ থেকে ৩ লাখ ৪০ হাজার টন ডিজেল এবং ৬০ হাজার থেকে ৮০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায় ভিটল এশিয়া।

পিজি-৩-এ দেড় লাখ থেকে দুই লাখ টন ফার্নেস অয়েল সরবরাহের কার্যাদেশ পায় ট্রাফিগুরা। আর পিজি-৪-এ ২৫ হাজার থেকে ৫০ হাজার টন অকটেন সরবরাহের কার্যাদেশও পায় ভিটল এশিয়া।

সরকার পরিবর্তনের পর জি-টু-জি ভিত্তিতে জ্বালানি কেনার ক্ষেত্রে প্রিমিয়াম কমিয়ে বিপিসির বড় অঙ্কের অর্থ সাশ্রয়ের নজিরও রয়েছে।

২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে জি-টু-জি ভিত্তিতে আমদানি করা জ্বালানি তেলের প্রিমিয়াম কমিয়ে প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার সাশ্রয় হয়েছিল বলে তৎকালীন বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, দায়িত্ব নেওয়ার পর দেখা যায়, উন্মুক্ত দরপত্রের তুলনায় জি-টু-জি ভিত্তিতে কেনা তেলের প্রিমিয়াম দুই থেকে আড়াই ডলার পর্যন্ত বেশি ছিল। পরে সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করে উন্মুক্ত দরপত্রের চেয়ে অন্তত এক পয়সা কম প্রিমিয়ামে জি-টু-জি তেল সরবরাহের শর্ত দেওয়া হয়। এতে ছয় মাসে বিপিসির ৪২ মিলিয়ন ডলার সাশ্রয় হয়।

বিপিসির বক্তব্য বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম জ্বালানি সরবরাহে কোনো ষড়যন্ত্রের আশঙ্কা সম্পর্কে বলেন, ‘আমার মনে হয় না কোনো রকম ষড়যন্ত্র থাকতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখব।’

এজাজুর রহমানের কোম্পানিকে কার্যাদেশ দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিপিসি তালিকাভুক্ত কোম্পানির বাইরে যেতে পারে না। তবে নতুন প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এবং ভবিষ্যতে নতুন কিছু কোম্পানি তালিকাভুক্ত হতে পারে বলে তিনি জানান।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, জ্বালানি তেলের দরপত্র প্রক্রিয়া নিয়ে যেসব ঘটনা ঘটছে, তাতে বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলে মনে হচ্ছে। তার মতে, কোনো প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী চালান সরবরাহে ব্যর্থ হলে এর ফলে রাষ্ট্রের যে ক্ষতি হবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা এবং প্রয়োজনে কালো তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করা উচিত।

বিপিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ১১টি বিদেশি প্রতিষ্ঠান জ্বালানি তেল সরবরাহকারী হিসেবে তালিকাভুক্ত। এগুলো হলো—ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড, পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন ইন্দোনেশিয়া, পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড (পিটিএলসিএল) মালয়েশিয়া, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং পিটিই লিমিটেড থাইল্যান্ড, ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) ওমান, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড, অ্যামিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি (ইনোক), ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল), ভিটল এশিয়া পিটিই লিমিটেড এবং সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড। এসব প্রতিষ্ঠান জি-টু-জি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিপিসিকে পরিশোধিত জ্বালানি সরবরাহ করে।

ঢাকার কারওয়ান বাজারের বিটিএমসি ভবনের ১০ তলায় বিপিসির লিয়াজোঁ অফিস রয়েছে। একই ভবনের ৮ তলায় ডা. এজাজুর রহমানের ট্রান্সবাংলা কমোডিটিজ এবং ৭ মার্কের কার্যালয় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জ্বালানি সরবরাহ ও বেশি দরে কার্যাদেশ দেওয়ার অভিযোগ সম্পর্কে ডা. এজাজুর রহমানের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্য কোনো মাধ্যমেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—নভেম্বরে নির্ধারিত জ্বালানি সরবরাহে অপারগতার ঘটনা এবং পরবর্তী সময়ে বাড়তি প্রিমিয়ামে বিকল্পভাবে জ্বালানি কেনার সিদ্ধান্তের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না। পাশাপাশি, রাষ্ট্রের অতিরিক্ত ব্যয়ের জন্য দায় নির্ধারণ এবং জ্বালানি আমদানির দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, সেটিও দেখার বিষয়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun