স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির গুইমারাতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় রামসু বাজারে এক মানবিক সহায়তার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গত বছরের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে গৃহ নির্মাণের লক্ষ্যে ঢেউটিন বিতরণ এবং স্থানীয় তরুণদের মাদকমুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকালে গুইমারার রামসু বাজারে সিন্দুকছড়ি জোনের প্রতিনিধিরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে ঘর তৈরির প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেন।

পাশাপাশি, রামসু বাজার এলাকার যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ-সুন্দর বিনোদনে উৎসাহিত করতে তাদের মাঝে ক্রীড়া সামগ্রী (কেরাম বোর্ড) বিতরণ করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জানান, রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক উন্নয়নে সেনাবাহিনী সর্বদা পাশে থাকবে।

তাঁরা আরও উল্লেখ করেন, এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে খুব শীঘ্রই হুইলচেয়ার, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, সোলার ল্যাম্পপোস্ট,দোকানঘর নির্মাণ ও দোকানের সামগ্রী প্রদান করা হবে। পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বজায় রাখতে এই উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়।
স্থানীয় জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে এবং সামাজিক উন্নয়নে সিন্দুকছড়ি জোনের এমন মানবিক ও জনকল্যাণমূলক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক সহযোগিতার জন্য সিন্দুকছড়ি জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও রামসু বাজার এলাকার সুশীল সমাজ।
আল-মামুন 


















