চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দীঘিনালায় ২০ নারী পেলেন সনদ ও কর্মসংস্থানের সহায়ক সরঞ্জাম

১৫

স্টাফ রিপোর্টার:: প্রশিক্ষণ ছিল দক্ষতা অর্জনের, আর সেলাইমেশিন হলো সেই দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ। তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ির দীঘিনালায় ২০ নারী পেলেন সনদ ও কর্মসংস্থানের সহায়ক সরঞ্জাম।

বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে সেলাইমেশিন। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বেলা আড়াইটায় দীঘিনালা জোনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী পাহাড়ি ও বাঙালি নারীদের হাতে এসব সেলাইমেশিন ও সনদপত্র তুলে দেওয়া হয়।

জোন কমান্ডারের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় ও মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

জানা গেছে, তিন মাসের প্রশিক্ষণে নারীদের পোশাক তৈরি, সেলাই এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শুধু সনদ দিয়ে থেমে না থেকে তাদের হাতে সেলাইমেশিন তুলে দেওয়া হয়েছে, যাতে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসেই কাজের সুযোগ তৈরি করতে পারেন তারা।

প্রশিক্ষণার্থীদের কয়েকজন জানান, সেলাই শেখার আগ্রহ থাকলেও মেশিন কেনার সামর্থ্য না থাকায় অনেকেই শেখা কাজ নিয়মিতভাবে কাজে লাগাতে পারতেন না। প্রশিক্ষণের পাশাপাশি মেশিন পাওয়ায় এখন নিজেদের দক্ষতা দিয়ে আয় করার সুযোগ তৈরি হয়েছে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun