স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি-এর সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বুধবার (০৪ মার্চ ২০২৬) গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মুড়াপাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায় কর্তৃক আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের “শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” অনুষ্ঠান চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনী অর্থ সহায়তা প্রদান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী এবং ক্যাপ্টেন মোঃ আসিফ বিন ফারুক উপস্থিত থেকে অনুষ্ঠান পরিদর্শন করেন। অনুষ্ঠান সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা হিসেবে আয়োজকদের নিকট নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত। এ ধরনের উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।
স্থানীয় আয়োজকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন