স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি সরকারি কলেজ ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ১১তম খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা কাউন্সিল সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ নভেম্বর ২০২৬) খাগড়াছড়ি সদরের মহাজন পাড়ার এফএনএফ রেস্টুরেন্টে এ নবীনবরণ ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডরিন চাকমা। ছাত্রনেতা তরুণ জ্যোতি ত্রিপুরার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ছাত্রনেতা নাইথক ত্রিপুরা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক সভাপতি সুজন চাকমা (ঝিমিট)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুনেন্টু চাকমা, সহ-সভাপতি মৃণাল চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুভাষ চাকমাসহ সংগঠনের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস। অন্যায়ের সঙ্গে আপস করে কখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যে সমাজে বৈষম্য, শোষণ ও অধিকার হরণের রাজনীতি বিদ্যমান, সেই সমাজ পরিবর্তনের দায়িত্ব নবীন প্রজন্মকেই নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নির্মাণের কারিগর হিসেবে নবীন শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।
তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ যুগ যুগ ধরে শোষণ,বঞ্চনা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আসছে। এসব শোষণ-বঞ্চনা থেকে মুক্তি এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার ও আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসতে হবে।
বক্তারা বলেন, আজকের ছাত্র ও তরুণ সমাজই আগামী দিনের ভবিষ্যৎ এবং সুন্দর সমাজ নির্মাণের কাণ্ডারি। শোষিত ও নিপীড়িত জুম্ম জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের আদর্শ ধারণ করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে হবে। একই সঙ্গে জুম্ম ছাত্রসমাজের শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মানোন্নয়নের পাশাপাশি দশ ভাষাভাষী জুম্ম জনগোষ্ঠীর মৌলিক অধিকার সংরক্ষণ ও বিকাশের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা আন্দোলন-সংগ্রামের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
সম্মেলনের শেষপর্বে পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা নতুন কমিটির প্যানেল উপস্থাপন করেন এবং নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।এতে ডরিন চাকমাকে সভাপতি, তরুণ জ্যোতি ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং নাইথক ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট পিসিপির ১১তম খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডরিন চাকমার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নবীনবরণ ও কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার 





















