স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিদ্যালয় চলাকালে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকে আতঙ্কিত হয়ে এক শিক্ষিকাসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের পাশের একটি গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতের বিকট শব্দ ও আলোর ঝলকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় চতুর্থ শ্রেণির সহকারী শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থী আহত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতের ঘটনায় পুরো বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। বজ্রপাতটি চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের পাশে হওয়ায় ওই শ্রেণির শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও আলোর ঝলকে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ সাময়িকভাবে অবশ হয়ে যাওয়ার উপসর্গ দেখা দেয়।
পরে তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় সবাইকে বাড়িতে পাঠিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার 



















