স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র কিশোর ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহাব উদ্দিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি আমাদের জাতীয় জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৫ সালের এই দিনে দেশের মানুষ, সেনাবাহিনী আর সাধারণ জনগণ এক হয়ে জাতীয় ঐক্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিভেদ ভুলে, সব মত-পথ ভুলে দেশকে রক্ষা করার জন্য সেদিন সবাই এক কাতারে দাঁড়িয়েছিল।
এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার 

















