মো. সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কবাখালী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। দীঘিনালা জোনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি বন্যাকবলিত কবাখালী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও প্রয়োজনের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কোবাখালী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক পরিবার চরম ভোগান্তির মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে দীঘিনালা জোনের এ মানবিক সহায়তা কার্যক্রম দুর্গত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুর্যোগকালীন সময়ে সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদার করেছে। বন্যাদুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও প্রদান করা হয়েছে।
প্রতিবেদক 















