আনসার-ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ /
আনসার-ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

মোহাম্মদ শাহজাহান:: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে জেলার ৯ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার এবং হিল ভিডিপিসহ মোট ৩ হাজার ৬১২ জন সদস্য-সদস্যার মাঝে এ ঈদ উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।

খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর পরিচালক মো. আমমার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষক ফজলুল হক, সদর উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। পার্বত্য অঞ্চলে তাদের আত্মনিবেদিত কাজ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমমার হোসেন বলেন, বর্তমান মহাপরিচালকের আন্তরিক উদ্যোগে গত দুই বছর ধরে ভাতাভোগী ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বাহিনীর সদস্যদের প্রতি ভালোবাসা, সম্মান ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। এ ধরনের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও উৎসাহিত করবে।

ঈদ উপহার পেয়ে ভিডিপি সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের সহায়তা ও স্বীকৃতি তাদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগাবে এবং বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা আরও দৃঢ় করবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে পাহাড়ধস, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে ভিডিপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এ অঞ্চলে প্রশংসিত হয়েছে।