স্টাফ রিপোর্টার:: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য একটি বাস্তবতা। তাই দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে হলে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণ সমাজকে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে এগিয়ে আসতে হবে।”
তিনি জানান, সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং স্থানীয় প্রশাসনও মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই মিলে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুব রেড ক্রিসেন্ট সদস্য, আনসার ও ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন