চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর মৃত্যু

  • মাসুদ রানা
  • আপডেট : ১১:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার
১১

প্রতিনিধি রামগড়:: খাগড়াছড়ির রামগড় পতাছড়া ইউনিয়নের নাকাপায় বিষপানে জোসনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

নিহত জোসনা আক্তার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ইসমাইল কলোনি এলাকার আমির হোসেনের মেয়ে। প্রায় সাত বছর আগে রামগড় উপজেলার নাকাপা এলাকার জাফর আহাম্মদের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা নাকাপা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সবার অগোচরে ঘরে রাখা ঘাস মারার কীটনাশক পান করেন জোসনা। পরে বিষপানের পর চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে তাঁর স্বামীসহ পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জোসনা আক্তার অল্পতেই রাগান্বিত হয়ে মেজাজ হারাতেন। বিষপানের খবর পেয়ে তাঁর বাবা আমির হোসেন রামগড়ে এসে মেয়েকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।

পরে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জোসনাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বাবা আমির হোসেন কারও বিরুদ্ধে অভিযোগ না করে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun