স্টাফ রিপোর্টার:: ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে এনএসআই’র তথ্যে আটক করা হয়েছে এক যুবককে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), খাগড়াছড়ির তথ্যের ভিত্তিতে ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানখাইয়া পাড়া সড়কের দার আল হিজাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় প্রায় এক মাস ধরে এক নারীকে সঙ্গে নিয়ে অবস্থানরত এক যুবককে আটক করা হয়।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি মোঃ শিমুল হোসেন, কনস্টেবল (নং-১৫১৬), বিপি নং-৯৭১৬১৯০৬৯৫। তার কর্মস্থল খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ মে ২০২৬ তারিখে কুষ্টিয়ায় একটি মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সের আরআই (সশস্ত্র) মোঃ আইয়ুব আলীর অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন শিমুল হোসেন। তবে এরপর থেকে তিনি আর কর্মস্থলে যোগদান করেননি।
পুলিশের তথ্যমতে, বিভাগীয়ভাবে তাকে কর্মস্থলে যোগদানের জন্য বাড়ির ঠিকানায় একাধিকবার নোটিশ ও চিঠি পাঠানো হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে তাকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত (গরহাজির) হিসেবে দেখিয়ে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তার বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিলেন। তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
বর্তমানে মোঃ শিমুল হোসেন পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিবেদক 




















