স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় ৪শত গ্রাম গাঁজাসহ মো. আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
পরে তার হাতে থাকা সাদা রঙের বাজারের ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আরিফ হোসেন উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর, পাবলাখালী এলাকার মো. আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ আরও জানায়, আরিফ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তবে এসব মামলার বিষয়ে আদালতের রায় হয়নি।
এ ঘটনায় এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীঘিনালা থানায় মামলা করেছেন। ২১ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির এফআইআর নম্বর ২। মামলাটি তদন্ত করছেন এসআই মো. আলা উদ্দিন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে।
মো: সোহেল রানা 




















