স্টাফ রিপাের্টার,রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে পেঁয়াজের লাগামহীন উর্ধগতি ঠেকাতে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান পরিচালনা করে। এতে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের তিন লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করে। সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় রামগড় পৌরসভার রামগড় প্রধান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।
কৃত্রিম সংকট সৃষ্টি করে রামগড় উপজেলার বিভিন্ন হাট বাজারে গত ৩-৪ দিন ধরে লাগামহীনভাবে উচ্চ দামে পেঁয়াজ বিক্রি করছে দোকানীরা। এ কারণে ভোক্তাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এ অবস্থায় ভোক্তা সাধারণের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন পেঁয়াজের লাগামহীন উচ্চ মূল্য ঠেকাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে সোমবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত রামগড় ও সোনাইপুল বাজারে বিশষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ক্ষুব্দ ভোক্তা সাধারণ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় সরবরাহ পর্যাপ্ত থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে ক্রয়মূল্যের তুলনায় অতিরিক্ত উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী খুচরা ও পাইকারি ১২ জন বিক্রেতাকে ১২ টি মামলায় তিন লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পেঁয়াজের কৃত্রিম সংকট উচ্চ মূল্য রোধে মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করায় জনমনে স্বস্তি দেখা যায়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, সরকারের সুনাম ক্ষুন্ন করতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের মূল্য মাত্রাতিরিক্ত বৃদ্ধি করে। তিনি এটা অত্যন্ত অমানবিক ও অনৈতিক কাজ। তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন