নীরব চৌধুরী বিটন,স্টাফ রিপাের্টার:: বিএনপি ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে মিনি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে খাগড়াছড়িতে জনজীবন ছিলো স্বাভাবিক। রবিবার (৫ নভেম্বর ২০২৩) বেলা ১২টার দিকে খাগড়াছড়ি সদরের জিরো মাইল মহালছড়া এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুষ্কৃতিকারীরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে ঘটনা স্থল থেকে কাউকে আটক করা যায়নি। অপরদিকে সকালে পানছড়ি উপজেলা সড়কে সিঙ্গিনালা এলাকায় পুলিশ ও পিকেটারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও বিজিবি রাস্তায় টহল দিচ্ছে। অবরোধের কারণে দূর-পাল্লা যানবাহন চলাচল না করায় দুর্ভোগে বিভিন্ন পেশার মানুষ।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, কোথাও কোন ঘটনা না ঘটলেও বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত জেলার ৫২ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। অবরোধের পরিস্থিতি ও সার্বিক বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন,অবরোধ হলেও স্বাভাবিক নিয়মেই সব স্বচল রয়েছে। কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন