প্রতিদিনের খাগড়াছড়ি ডেস্ক রিপাের্ট:: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ রোববার ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া পরিদর্শন করেছেন। প্রথমে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে চলমান নড়াইলের শহরাংশে জাতীয় মহাসড়ক (এন-৮০৬) প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন সেনাপ্রধান।
এ সময় তিনি কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে এবং জনসাধারণের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না করে কাজ শেষ করার নির্দেশনা দেন। এরপর ৫৫ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে নড়াইল জেলার মোচড়া এলাকায় ডিভিশন পরিচালিত আর্মস কমান্ডো ক্যাডারের চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করেন।

এ সময় প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি সেনা সদস্যদের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশনা দেন।
এছাড়াও সেনাপ্রধান জনসাধারণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য নিজের জমিতে স্থাপিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা সম্পন্ন ‘অধ্যক্ষ শেখ রোকনউদ্দিন আহমেদ মা ও শিশু কল্যাণ’ হাসপাতাল উদ্বোধন করেন। এবং স্থানীয়দের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন।
এরপর সেনাবাহিনী কর্তৃক আয়োজিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, অন্যান্য সেনা সদস্য এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন