প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক একটি সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মহালছড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খাগড়াছড়ি জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস ছালাম,সিনিয়র সহকারী সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ড. চপল রায়,ও আমিন হোসেন সায়েন্টিফিক অফিসার , বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কেন্দ্র (বিসিএসআইআর)।

প্রধান অতিথি রুমানা আক্তার তাঁর বক্তব্যে বলেন,আজকের সেমিনার কেবল প্রযুক্তি জানার জায়গা নয়, এটি গবেষণা, বাস্তব প্রয়োগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার সমন্বিত একটি প্ল্যাটফর্ম। আমরা চাই মহালছড়ির মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজেদের সমস্যার উপযোগী প্রযুক্তি নিজেরাই উদ্ভাবন করুক এবং সেগুলোকে সম্প্রসারণের মাধ্যমে সমগ্র দেশে ছড়িয়ে দিতে পারে।
সেমিনার শেষে অতিথি বৃন্দ প্রদর্শনী মেলার স্টল গুলো পরিদর্শন করেন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেমিনার ও প্রদর্শনীতে স্বেচ্ছাসেবী সহযোগিতা করে যুব রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিন মহালছড়ি।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন