প্রতিনিধি খাগড়াছড়ি:: “প্রশিক্ষিত প্রহরী-সুরক্ষিত বন” এই স্লোগানকে সামনে রেখে বন প্রহরীদের আর্মস প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে খাগড়াছড়িতে। বাংলাদেশ বন অধিদপ্তরে নিয়োজিত ষাট (৬০) জন বন প্রহরীকে ১৫ দিন ব্যাপী আর্মস প্রশিক্ষণ প্রদান করছে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে।
রবিবার (৩০ নভেম্বর ২০২৫) ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। খাগড়াছড়ি এএসটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

খাগড়াছড়ির উন্নয়নে বনবিভাগের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এতে প্রশিক্ষণের তাৎপর্য ব্যাখা করার পাশাপাশি এধরণের অস্ত্র প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য এএসটিসি, খাগড়াছড়ির প্রতি সাধুবাদ জানান।
এতে কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ, বনবিভাগ ও জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রশিক্ষণপ্রাপ্ত বন প্রহরীদের দেশের বন ও পরিবেশ রক্ষায় অধিকতর দক্ষতার সাথে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বন প্রহরী হুরে আলম অত্র প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে অস্ত্র প্রশিক্ষণ লাভ করার মাধ্যমে দেশের বনজ সম্পদ রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় এএসটিসির ডেপুটি কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, কাপ্তাইয়ের বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ সাজ্জাদুজ্জামান, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো: শহিদুল ইসলাম (সুমন), বঙ্গমিত্র চাকমা, সাথোয়াই প্রু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন