স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা প্রত্যাহার প্রশাসন। খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় এবং গুইমারা উপজেলায় রোববার ভোর ৬ টা হতে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন ও গুইমারা উপজেলা প্রশাসন।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাতে এক পরিপত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক এ আদেশ প্রত্যাহার করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা ও সদর উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যদিকে- গুইমারা উপজেলায় জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহারে এক আদেশ দেয় গুইমারা উপজেলা প্রশাসন। রাত সাড়ে ৯টার দিকে গুইমারা উপজেলা নির্বাহি কর্মকর্তা আইরিন আকতার স্বাক্ষরিত এক পরিপত্রে ৫ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয় নিশ্চিত করা হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার সিঙ্গিনালায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির ঘটায় জানমালের ক্ষতি সাধনের আশঙ্কা থাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। একই দিন ঘন্টার ব্যাবধানে গুইমারা উপজেলায়ও ১৪৪ ধারা জারি করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন