স্টাফ রিপাের্টার:: নেতাকর্মীদের নামে মামলার প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। এতে ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার আল্টিমেটাম দিয়ে নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে বিএনপি নেতাদের প্ররোচনায় পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপি নেতাকর্মীদের নামে ভিত্তিহীন মামলা নিয়েছে। এসব মামলার কোনো প্রমাণ নেই এবং ঘটনাগুলোও মনগড়া বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই বিপ্লবের সময় এনসিপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিলেও এখন তাদের উল্টো দমন-পীড়নের চেষ্টা চলছে। এ সময় এনসিপি জেলা শাখার নেতারা দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ও মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপির এক নেতা এনসিপির তিন নেতার নামে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ১৪, ১৫ ও ১৬ নম্বর ক্রমিকের আসামিরা এনসিপির নেতাকর্মী।
খাগড়াছড়ি এনসিপির নেতা শাহ নেওয়াজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন– এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, রাহাত হোসেন বেলাল, আকলিমা আক্তার, সুইচিং মারমা ও বিপ্লব ত্রিপুরা।
উল্লেখ্য, গত ১০ আগস্ট মো. কুদ্দুস বাদী হয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা এক–দেড়শ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ২৮ সালের ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদার জন্য তার বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন