বিনোদন ডেস্ক:: বক্স অফিসে সাফল্যের পর তারকা জুটির সম্পর্কের রূপান্তর শোবিজে নতুন কিছু নয়। সিনেমা হিট হলেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন ওঠে—যেমনটি দেখা গেছে ঐশ্বরিয়া-অভিষেক, রণবীর-দীপিকা কিংবা সিদ্ধার্থ-কিয়ারা’র ক্ষেত্রে। কখন যে পর্দার রোমান্স বাস্তবে রূপ নেয়, তা বলা মুশকিল। এবার আলোচনার কেন্দ্রে ‘সাইয়ারা’ জুটি। তাদের প্রেম বাস্তবেও জমে উঠেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও এ ব্যাপারে জল্পনাকে আরো উস্কে দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, নায়ক আহান পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে ‘সাইয়ারা’ ছবির নায়িকা অনীত পাড্ডা উপস্থিত ছিলেন। সেখানে আহানও ছিলেন। বুটিক থেকে বের হওয়ার সময় আহান অনীতের হাত ধরতে গেলে অনীত লজ্জায় হাত সরিয়ে নিয়ে নায়কের মায়ের পাশে হাঁটতে শুরু করেন। এই ‘লাজুক’ মুহূর্ত ক্যামেরায় বন্দি হয় এবং নেটিজেনদের নজর কাড়ে।
বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি এখন বাস্তব জীবনেও একে অপরের প্রতি মুগ্ধ এবং তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছে। ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। ছবির গান থেকে শুরু করে অভিনয় পর্যন্ত দর্শকদের মন জয় করেছে। নবাগত আহান পাণ্ডের প্রথম সিনেমাতেই তার অভিনয় দক্ষতা সমাদৃত হয়েছে। অনীতের পারফর্মেন্সও প্রশংসিত হয়েছে। এমনকি ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
ছবিটি ভারতীয় সিনেমা জগতে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে। বক্স অফিসে সম্প্রতি ‘সাইয়ারা’ ৫০০ কোটি টাকার গণ্ডি পার করেছে। এখন সেটি চলতি বছর ৬০১ কোটি ব্যবসা করা ‘ছাবা’র রেকর্ড ছাড়িয়ে শীর্ষে উঠতে পারবে কিনা, সেটাই দেখার বিষয়।