স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির ভাইবোনছড়ায় কিশোরী ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে নারীর নিরাপত্তা বিধানের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউপিডিএফ সমির্থত হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ এই মানববন্ধন কর্মসূচি পালন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতসহ উল্লেখিত দাবিতে সপ্তাহব্যাপী পর্যায়ক্রমে উপজেলা-জেলায় লাঠি ও ঝাড়ু মিছিলের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
সোমবার (২১ জুলাই ২০২৫) সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা, ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক লালন চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি অনিমেষ চাকমা।

মানববন্ধনে নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান বলেন, ‘এখানে পাহাড়ি নারী ধর্ষণের ঘটনায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হয় না। অপরাধীদের রক্ষায় রাষ্ট্রীয় একটি বিশেষ মহলের তৎপরতা থাকায় ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটে চলেছে এবং পাহাড়ি নারীদের নিরাপত্তাহীনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন।’
তিনি আরও বলেন, খাগড়াছড়ির ভাইবোনছড়ায় কিশোরী ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা এবং অপরাধীরা চিহ্নিত ও কয়েকজন গ্রেফতার হওয়ার পরও তাদেরকে রক্ষার জন্য একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মরিয়া প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করে এ ঘটনাকে ধামাচাপা দিতে নানা চক্রান্ত ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে জানান।
মানববন্ধন থেকে অবিলম্বে ভাইবোনছড়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষককে গ্রেফতারপূর্বক বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত নারী ধর্ষণ-ধর্ষণের পর হত্যার ঘটনার বিচার, পাহাড়ি নারী ধর্ষণে মেডিকেল রিপোর্টের ওপর গোপন নিষেধাজ্ঞা প্রত্যাহার, পাহাড়ি নারীসহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন