স্টাফ রিপাের্টার,মাটিরাঙ্গা:: “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৪ জুলাই ২০২৫) সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাবনী চাকমা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব ও অপরিকল্পিত গর্ভধারণ কেবল মেয়েদের অধিকার লঙ্ঘনই করে না, বরং এটি জেন্ডার বৈষম্য, শিক্ষার বিঘ্নতা, দারিদ্র্য এবং নির্ভরশীলতার চক্রকেও দীর্ঘায়িত করে।
বাংলাদেশে ১৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হারে নারীরা এখনো পুরুষদের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ পিছিয়ে রয়েছে বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা. রুপন চক্রবর্তী, মেডিকেল অফিসার,মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মো. ওবায়দুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডা. আমজাদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মো. জসিম উদ্দিন জয়নালসহ বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক,স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্যরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারী পরিবার কল্যাণ পরিদর্শকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন