স্টাফ রিপোর্টার:: বান্দরবানে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সম্প্রতি বান্দরবান সদর উপজেলার বাঁকিছড়ামুখ এলাকায় নিয়মিত টহলের সময় রাস্তার পাশে পরিবহনের উদ্দেশ্যে মজুদ করে রাখা কাঠবোঝাই একটি টয়োটা পিকআপ সেনা সদস্যদের নজরে আসে।

কাঠের মালিক মিলন বড়ুয়া বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করে। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় জব্দকৃত কাঠ নিজেদের হেফাজতে নেন এবং বন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযানে মোট ৭৭৯ টুকরা কাঠ, যার আয়তন ৪৯৩ দশমিক ৩৪ ঘনফুট, জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার ২০ টাকা। অবৈধ বনজ সম্পদ পাচার রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।