
মোহাম্মদ শাহজাহান:: খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালী ভ্রমণে যাতায়াতকারী সাফারি ও জীপ (চাঁদের গাড়ি) ভাড়ায় বৃদ্ধি আনা হয়েছে। নতুন এ ভাড়া চলতি মাসে ১ মে থেকে কার্যকর হয়েছে। ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাজেকে বেড়াতে আসা পর্যটকদের অতিরিক্ত খরচ গুনতে হবে।

সাজেক কাউন্টার সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার জন্য সাফারি গাড়ির নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫শত টাকা। এর আগে একই রুটে এ গাড়ির ভাড়া ছিল ৭ হাজার ৫শত টাকা। অর্থাৎ এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।
অন্যদিকে জীপ গাড়ি বা স্থানীয়ভাবে পরিচিত চাঁদের গাড়ির ভাড়াও বেড়েছে। বর্তমানে খাগড়াছড়ি-সাজেক রুটে একটি জীপ গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা (সকালে গিয়ে বিকেলে ফিরলে)।

পর্যটকরা যদি সাফারি গাড়ি নিয়ে সাজেকে একরাত্রি অবস্থান করেন, তবে গাড়ি ভাড়া গুনতে হবে ১০ হাজার টাকা। এছাড়া একই গাড়িতে খাগড়াছড়ির জনপ্রিয় পর্যটন স্পট আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা এবং খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক ঘুরে দেখলে মোট ভাড়া দাঁড়াবে ১২ হাজার টাকা।
খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মো. আরিফ জানান, নির্ধারিত গাড়ি ভাড়ার বাইরে আনুষঙ্গিক সব খরচ পর্যটকদের বহন করতে হবে। সাজেক ভ্যালীতে প্রবেশ ফি জনপ্রতি ২০ টাকা নির্ধারণ রয়েছে। এছাড়া প্রতিটি গাড়ির জন্য অতিরিক্ত ১০০ টাকা প্রবেশ ফিও দিতে হবে পর্যটকদের।
জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু বলেন, জালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারনে খরচ বেড়েছে। সমিতির সিদ্ধান্ত ক্রমে চলতি মে মাসের ১ তারিখ থেকে সাজেক সড়কের ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে সাজেকে পর্যটকের চাপ বাড়বে। তবে গাড়ি ভাড়া বৃদ্ধির কারণে পরিবার বা দলগতভাবে ভ্রমণে আসা পর্যটকদের বাজেট আগের তুলনায় কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পাহাড়ি পর্যটন গন্তব্য সাজেক ভ্যালী প্রতি বছর ঈদ ও ছুটির মৌসুমে হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে। মেঘ, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশজুড়ে ভ্রমণপিপাসুদের কাছে সাজেকের জনপ্রিয়তা রয়েছে।
আপনার মতামত লিখুন :